English Version
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৬ ১৬:৩৫

মেঘালয়ে বাংলাদেশি শ্রমিককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
মেঘালয়ে বাংলাদেশি শ্রমিককে পিটিয়ে হত্যা

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সীমান্তে বশির আহমেদ (৩৫) নামে  বাংলাদেশি শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। তিনি তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের পাহাড়তলী রজনীলাইন গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।তিনি তিন সন্তানের বাবা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বশির আহমদ কাজের সন্ধানে রোববার সীমান্তের ওপারে ভারতের মেঘালয় স্ট্রেটের বড়ছড়া শুল্ক স্টেশনে রোববার রাতে প্রবেশ করেন। এসময় সেখানে থাকা ভারতীয়রা তাকে চোর সন্দেহে বেধড়ক পিটুনী দেয়। এতে মারাত্মক রক্ত খরণের ফলে তার মৃত্যু হয়। পরে তারা বশিরের লাশ বড়ছড়া থানার সামনে লাশ ফেলে রাখে। 

খবর পেয়ে নিহতের স্বজন সোমবার ভোর থেকেই বড়ছড়া শুল্ক স্টেশনের এপাড়ে ভীড় জমায়। পরে নিহতের পরিবারের কয়েকজন সদস্য বড়ছড়া থানার সামনে গিয়ে লাশ শনাক্ত করেন। 

সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির ট্যাকেরঘাট কোম্পানি হেডকোয়ার্টারে সকালে গিয়ে লাশ ফেরত আনতে বিজিবির শরাপনাপন্ন হন।

এদিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কাসেম ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক মিয়ার সঙ্গে সোমবার সকালে যোগাযোগ করা হলে তারা বলেন, বশির চোর নয়, হয়তো কাজের সন্ধানে সে সিমান্ত পাড়ি দিয়েছে। 

তিনি আরো বলেন, বশির অপরাধী হলে ভারতের আদালতেও বিচার হতে পারত কিংবা বিজিবির মাধ্যমে বাংলাদেশে ফেরত দিলেও এদেশের আদালতেও তার অপরাধের বিচার হতো, কিন্তু তাকে পিটিয়ে মারার অধিকার তো কারো নেই, আমি এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাই।

নিহতের পরিবারের লোকজনের দাবি পেটের দায়ে চুনাপাথর সংগ্রহ করতে গেলে ভারতীয় থানা পুলিশের সহযোগীতায় ভারতীয় নাগরিকরা বশিরকে আটক করে  হাতে কোমরে শেকড় দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে খুচিয়ে নির্মমভাবে হত্যা করে।

অভিযোগ রয়েছে বিজিবির টেকেরঘাট কোম্পানির সুবেদার নিজাম উদ্দিন, বিজিবির কিছু অসৎ সদস্য ও বিজিবির কথিত সোর্স স্থানীয় ইউপি সদস্য জম্মত আলীর যোগসাজসে রোববার রাতভর অবৈধভাবে বিনা শুল্কে ওপার থেকে চুনাপাথর আনতে গোপন সম্মতি দিলে টেকেরঘাট কোয়রীর উত্তর তীর ও বড়ছড়ার ভাঙ্গারঘাট কোয়ারী এলাকা ও বুরুঙ্গাছড়া গ্রামের পেছনে দিক দিয়ে বশিরের মত কয়েকশ শ্রমিক ভরতীয় সীমান্তে চুনাপাথর ভাঙ্গতে যায়।

অভিযোগ প্রসঙ্গে সুবেদার নিজাম বলেন, যেদিক দিয়ে শ্রমিকরা চুনাপাথর আনতে গিয়েছে শুনেছি বশির কিন্তু সেদিক দিয়ে যায়নি। সে ভারতের বড়ছড়া বাজার এলাকা দিয়ে ভারতীয় সীমান্তে ঢুকেছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মাহবুব হাসান সোমবার বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদকে জানান, সীমান্তে যুবককে পিঠিয়ে হত্যা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বিএসএফের সাথে যোগাযোগ করেছি।সেখানে বিজিবির কোম্পানি কমান্ডার রয়েছে, পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। লাশ ফেরত আনার জন্য বিজিবির পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে।