English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ১৭:২১

খাগড়াছড়ির মানববন্ধনে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ২

অনলাইন ডেস্ক
খাগড়াছড়ির মানববন্ধনে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ২

খাগড়াছড়িতে পর্যটন সম্প্রসারণের নামে ৭শ একর ভূমি বেদখলের অভিযোগ এনে নিজ বাস্তুভিটা উচ্ছেদ করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন ত্রিপুরা শিক্ষার্থী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের উপজেলার সম্মূখে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন শেষে ফেরার পথে দেখা দেয় উত্তেজনা।

এ সময় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এর খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি সুমনের সাথে পাশের দোকানে পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডা পরে মারধর ও উত্তেজনার সৃষ্টি হয় বলে জানা যায়।

শুরু হয় সংঘর্ষ ভাংচুর,ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করলে পুলিশের সাথে পাহাড়ি ছাত্র পরিষদ নেতাকর্মীদের মধ্যে উপজেলা মাঠে ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্যায়ে বাঙ্গালী ছাত্র পরিষদ,পাহাড়ি ছাত্র পরিষদ নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে এতে ২ কনেস্টেবলসহ এস আই মাসুদ ও এএসপি সার্কেল মো. রইস উদ্দিন ইটের আঘাতে আহত হয়। স্থানীয় প্রশাসনসহ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও সদর ইউএনও নিজেও।

সংঘর্ষ চলাকালে বিক্ষুব্দরা উপজেলার পাশের দোকানেও ইট পাটকেল নিক্ষেপ করলে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি আনতে ৮ রাউন্ড শর্টগান,২ রাউন্ড গ্যাসগান নিক্ষেপ করে এবং পরে পুলিশ-সেনা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিজয় চাকমা ও জুগাই চাকমা নামে ২ জনকে আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তবে বিশৃংখলা কারীদের ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।