English Version
আপডেট : ১১ আগস্ট, ২০১৬ ১১:৫২

ভূমি সংশোধনী আইন বাতিল দাবীতে খাগড়াছড়িতে হরতাল

অনলাইন ডেস্ক
ভূমি সংশোধনী আইন বাতিল দাবীতে খাগড়াছড়িতে হরতাল

ফের উতপ্ত হয়ে উঠার পথে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবীতে পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

হরতাল চলাকালে বুধবার (১০ আগস্ট) খাগড়াছড়িতে সকাল থেকে কোন ধরণের দুরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ ছিল আভ্যন্তরীণ রুটেও সব ধরনের যান চলাচল। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

খাগড়াছড়িতে জেলা সদরের শাপলা চত্ত্বরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পিকেটারদের উপস্থিতি তেমনটা দেখা না গেলেও বন্ধ ছিল জেলা শহরসহ ৯টি উপজেলার দোকান পাট। স্থানীয় শহরের ব্যাটারি চালিত টমটম ও ছোট ছোট যানের সংখ্যাও কম ছিল।

ফলে দূর্ভোগে পড়েছে পথচারীসহ সাধারণ অফিস ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।  কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে খাগড়াছড়িতে পালিত হয়েছে ঘোষিত হরতাল।

এদিকে বাঙ্গালী সংগঠনগুলোর নেতাকর্মীরা কিছু কিছু এলাকায় পিকেটিং এর খবর পাওয়া গেছে। বিভিন্ন উপজেলায় হরতাল সমর্থনে মিছিল করে তারা। সব মিলিয়ে পাহাড়জুড়ে এখন প্রতিবাদে উত্তপ্ত পার্বত্য জনপদ।

এ হরতালের পরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানান সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত: ঢাকায় পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন সংশোধনের বিষয়ে মন্ত্রী সভায় অনুমোদনের পর পার্বত্য অঞ্চলের ৫ টি বাঙ্গালী সংগঠন বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়।

গত ১ আগষ্ট পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ এ হরতালের ডাক দেয়।