English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৮:০৪

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

সুন্দরগঞ্জ উপজেলায় মোছা. রহিমা বেগমকে হত্যার দায়ে তার ছেলে শহিদুল ইসলামকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আট হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডের আদেশ দেওয়া হয়।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা মঙ্গলবার (৩১ মে) বিকেলে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সুবর্ণদহ পুরসা পাড়া গ্রামের ভাদু শেখের ছেলে। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৪ সালের ১ জুলাই রাত ১২টার দিকে শহিদুল ইসলাম তার মা রহিমা বেগমকে গলাটিপে হত্যা করেন।

এ ঘটনার পরদিন ২ জুলাই জনৈক মুকুল মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা অধিকতর তদন্ত শেষে ছেলে শহিদুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন।

গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর (জিআরও) এনামুল হক জানান, ঘোষণার পরই আসামি শহিদুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।