মাদরাসায় যাওয়া হলোনা সুমাইয়ার
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বাস চাপায় সুমাইয়া আকতার (৬) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী বাস ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে।
শুক্রবার বেলা ১২টার দিকে সড়কের মাটিরাঙ্গা পৌরসভার বাইল্যাছড়ি মাদরাসার সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আকতার মাটিরাঙ্গা দারুচ্ছুন্নাহ মাদরাসা ও হেফজ খানার প্রথম শ্রেণীর ছাত্রী। সে বাইল্যাছড়ির এলাকার বাসীন্দা মাটিরাংগা বাজারের আল মদিনা ইলেকট্রনিক্স’র মালিক মো. আবু জাফরের একমাত্র মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাইল্যাছড়ি মাদরাসার সামনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের (চট্টমেট্টো-থ-১১-০২২৩) একটি বাস চাপা দিলে ঘটনা স্থলেই নিহত হয় সুমাইয়া। শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যাবার সময় বাস ও তার চালক মো. রুবেল হোসেন (২৬)-কে আটক করেছে স্থানীয় জনতা ও গুইমারা থানা পুলিশ।
এঘটনায় বিক্ষুব্ধ জনতা খাগড়াছড়ি, চট্টগ্রাম, ঢাকা সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে শান্তি পরিবহনের বেশ কয়েবকটি বাস ভাঙচুর করে। এতে পুরো সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধরে যান চলাচল বন্ধ থাকার পর মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং যান চলাচল স্বাভাবিক করে।
এই বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, পুলিশ ঘাতক বাস ও তার চালককে আটক করেছে এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


