সৈয়দপুরে ৯ ক্রিকেট জুয়ারির কারাদণ্ড
সৈয়দপুরে ভ্রাম্যমান আদালত ৯ ক্রিকেট জুয়ারির বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এর মধ্যে এক জনকে ১ মাস এবং আপর আট জনকে ৭ দিনের করে জেল দেন।
রোববার (৮ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ কারাদণ্ডের আদেশ দিয়েছে।
বাণিজ্যিক শহর সৈয়দপুরে দীর্ঘদিন ধরে ক্রিকেট জুয়া চলে আসায় সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছেন।
চলমান আইপিএল ক্রিকেট খেলা নিয়ে প্রকাশ্যে বাজি ধরে জুয়া খেলার সময় শনিবার রাতে (৭ মে) শহরের দারুল উলুম মাদ্রাসা মোড় থেকে ৯ জন জুয়ারিকে আটক করে পুলিশ।
রোববার আদালতে হাজির করা হলে শহরের ইসলামবাগের আনোয়ারের ছেলে আশফাক (৪৫) কে ১ মাসের ও কুজিপুকুর গ্রামের হামিদের ছেলে হাফিজুল ইসলাম (২৩), হাতিখানার ইউসুফের ছেলে মনা (২৬), একই এলাকার তোফাজ্জলের ছেলে আরমান (২৭), পুরাতন বাবুপাড়ার কাশেমের ছেলে নবাব (৩০), অফিসার্স কলোনীর আব্দুলাহর ছেলে শাহজাদা (২২), দারুল উলুম এলাকার মকবুলের ছেলে নূর আমিন (৩৫), বাঙালিপুর নিজপাড়ার মাসুদের ছেলে লুৎফর রহমান (৪৭) ও দারুল উলুম মোড়ের গফুরের ছেলে আবেদ আলী (৩০) কে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। ক্রিকেট জুয়ার বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


