ঐতিহ্যবাহী অনুষ্ঠান আয়োজনে সভা খাগড়াছড়িতে
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসু, সাংগ্রাই, বৈসাবি, বিজুসহ বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজন প্রস্তুতি সভা করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এ আয়োজনে আনন্দ র্যালী, খেলাধুলাসহ মেলা ব্যবস্থা থাকবে।
গত সোমবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদ সদস্য রক্তোপল ত্রিপুরা, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ মাজেদ আলী, বিপিএম সেবা, খাগড়াছড়ি রিজিয়ন প্রতিনিধি, জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলার সরকারী-বেসরকারী কর্মকর্তারা এতে অংশ গ্রহণ করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় সভায় গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে-১১ এপ্রিল ২০১৬ ইং সকালে পরিষদ প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র্যালী শুরু হয়ে টাউন হলে গিয়ে শেষ হবে। এতে সকল সম্প্রদায়ের নারী-পুরুষ যুবক-যুবতীরা নিজস্ব পোষাকসহ বিভিন্ন ডিসপেল উপস্থাপনের মাধ্যমে অংশ গ্রহণ করবে।
এ জেলার বিভিন্ন সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণীজন সংবর্ধনাসহ সন্ধ্যা ৭ টায় খাগড়াছড়ি টাউন হলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।


