ফের শিশুর লাশ
নিজস্ব প্রতিবেদক
সময়ের পালাক্রমে শিশুর হত্যার সংখ্য বাড়ছে। একটি ঘটনা যেতে না যেতে আরেকটি ঘটনা যেন কড়া নাড়ে। তেমনি আবারও পাওয়া গেল এক শিশুর লাশ। গাজীপুরের শ্রীপুরে শাহীন (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এমনই অভিযোগ দেন নিহত শিশুর বাড়ি স্বজনরা।
বৃহস্পতিবার সকালে বেতজুরি এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত শাহীন দিনাজপুরের নবাবগঞ্জ থানার দক্ষিণ জয়দেবপুর গ্রামের এমদাদুল হকের ছেলে। ঘটনায় জড়িত সন্দেহে পাপ্পু মিয়া নামের এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। পাপ্পু দিনাজপুরের হাকিমপুর থানার টেংগ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, নিহত শাহীনের বাবা এমদাদুল হক শ্রীপুর উপজেলার বেতজুরি এলাকায় তারা মিয়ার বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন। গত বুধবার দিবাগত রাতে প্রতিবেশী পাপ্পু মিয়া শাহীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা শাহীনের লাশ খালের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার কারণে শাহীনকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


