চট্টগ্রামে সাড়ে ৩০ হাজার ইয়াবা জব্দ, অাটক ৪
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে সাড়ে ৩০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে নগরীর বায়েজিদ থানা এলাকায় থেকে ৩০ হাজার এবং বৃহস্পতিবার ভোরে চান্দগাঁওতে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে অক্সিজেনের গোলবাগ আবাসিক কয়লার ঘর এলাকার জানে আলম ভবনের নিচতলার বাসা থেকে ৩০ হাজার ইয়াবাসহ একই পরিবারের তিনজনকে আটক করা হয়।
তারা হলেন— ফটিকছড়ি থানার পূর্ব ফারহাবাদের প্রয়াত শান্তিব্রত চক্রবর্তীর ছেলে দেবব্রত চক্রবর্তী (৫০), তার স্ত্রী সুমি আচার্য (৩০) ও দেবব্রতের শ্বাশুড়ি দীপ্তি আচার্য (৬১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা করেছে। পাশাপাশি আজ বৃহস্পতিবার সকালে চান্দগাঁও এলাকায় ৫০০ পিস ইয়াবাসহ এক বাসযাত্রীকে অাটক করে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, 'সকালে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় নুরুল আবছার (৩০) নামে এক বাসযাত্রীকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।


