ফরিদপুরে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ত্রিশ ছাত্রী
ফরিদপুরে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩০ ছাত্রী। আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাসেম্বলি চলাকালে এ ঘটনার সূত্রপাত হয়। রোগে আক্রান্ত সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই উচ্চ বিদ্যালয়ে সকালে অ্যাসেম্বলি চলাকালে এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এপর দ্রুত সবাইকে ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর বিভিন্ন ক্লাসের ছাত্রীরা একইভাবে অসুস্থ হয়ে পড়তে থাকেন। বিষয়টি গুরুত্ব পযায়ে যাবার আগেই কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে। অবশ্য এর আগে সোমবার ও মঙ্গলবার শিবরামপুর আরডি একাডেমি স্কুলের ৭৫ শিক্ষার্থী দুই দফায় একই রোগে আক্রান্ত হন।
এ প্রসঙ্গে স্কুলের একাধিক সহকারী শিক্ষক জানান, অ্যাসেম্বলি চলাকালে এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত সবাইকে ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর অারও ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। কর্তৃপক্ষ তাৎক্ষণিক স্কুল ছুটি ঘোষণা করে। স্কুল থেকে বাড়ি ফেরার সময়ও অনেকে অসুস্থ হয়ে পড়েন । আবার কেউ কেউ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন।
তারা আরও বলেন, আক্রান্তরা মাথায় ব্যাথা ও বমি বমিভাবের কথা বলে চিৎকার করতে থাকে। এসময় কেউ কেউ জ্ঞান হারায়। এভাবে প্রায় ৩০ ছাত্রী আক্রান্ত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়। বাকী শিক্ষার্থীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিক্ষা বিভাগের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আব্দুস সবুর জানান, সুচিকিৎসা নিশ্চিত করতে নজর রাখা হচ্ছে। রোগের কারণ নিশ্চিত করতে সিভিল সার্জনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বলেন, গণমনস্তাত্ত্বিক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে পরিস্থির মোকাবেলা করার ওপরে জোর দিতে বলেন তিনি।


