সোনা চোরাচালান বন্ধ হয়নি, উদ্বিগ্ন এনবিআর
সোনা চোরাচালান কমেনি বলে উদ্বেগ জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সোনা চোরাচালান বন্ধ করা বড় চ্যালেঞ্জিং ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি। গতকাল শনিবার এনবিআর সম্মেলনকক্ষে ১৩তম ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) লটারি ড্র অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, শুধু রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য নয়, লেনদেনের মাধ্যম হিসেবেও সোনা চোরাচালান করা হয়।
সোনা চোরাচালানে ভাটা পড়েনি। পরিস্থিতির উন্নতি হওয়া দরকার।তিনি বলেন, সম্পূর্ণভাবে সোনা চোরাচালান বন্ধ করা যাবে কি না, তা জানি না। নানাভাবে চোরাচালান হয়, এটিই বাস্তবতা। সারা বিশ্বেই এটি হয়।
ইএফডি প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট যন্ত্র ইএফডি নিয়ে অসন্তোষ আছে। ভ্যাটের মূল্য অন্তর্ভুক্ত করে পণ্যের দাম নির্ধারণ করতে হবে। পৃথকভাবে ভ্যাট আদায়ের কথা বলা হলে গ্রাহক নিরুৎসাহ হয়। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি চাকরিজীবী, কাস্টমস কর্মকর্তাদের অনেকেই ভ্যাট দিতে চান না।
ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) মাধ্যমে ভ্যাট সংগ্রহে পেশাদারি ও দায়িত্বশীলতার পরিচয়ের জন্য ভেনাস জুয়েলার্স লিমিটেডকে দায়িত্বশীল ভ্যাট সংগ্রহকারী হিসেবে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে। সম্মাননা নেন প্রতিষ্ঠানটির কর্ণধার গঙ্গা চরণ মালাকার।
২০২০ সালের ২৫ আগস্ট ঢাকা ও চট্টগ্রামের কিছু দোকানে ইএফডি বসানো শুরু হয়। পাঁচটি কমিশনারেটে (ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও চট্টগ্রাম) এ পর্যন্ত মোট তিন হাজার ৫৯১টি ইএফডি যন্ত্র বসানো হয়েছে।


