১ হাজার ৫১৬ টাকা কমিয়ে সোনার নতুন দর নির্ধারণ
ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (৩ মার্চ) থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে।
মঙ্গলবার (২ মার্চ) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ৩ মার্চ থেকে ভালো মানের (২২ ক্যারেট) প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ১৫১ টাকা। ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৯ হাজার ২৫২ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৪৮ হাজার ৯৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমলেও রূপার পূর্বনির্ধারিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতিভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতিভরি সোনার দাম ছিল ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের সোনা ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৫০ হাজার ৪৪৭ টাকায় বিক্রি হয়েছে।


