English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৯ ২১:২১
সূত্র:

নতুন বছরে বাড়লো সোনার দাম

নতুন বছরে বাড়লো সোনার দাম

নতুন বছরের প্রথম দিনেই সোনার দাম বাড়ার ঘোষণা এলো। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। কাল বুধবার থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও তা বাড়লো বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনা-রুপার দাম উঠা-নামা করে। এজন্য বুধবার থেকে বাড়তি দামে সোনা বিক্রি হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে। 

নতুন দাম অনুযায়ী, ২২ ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা। আর ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪১ হাজার ৬৪০ টাকা। আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনা অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট রূপা (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ৫০ টাকা।

এর আগে ২২ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। যা ২৩ ডিসেম্বর থেকে কার্যকর করার কথা ছিল। কিন্তু দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার ৬ ঘণ্টা পরই সিদ্ধান্ত পরিবর্তন করে স্বর্ণ ব্যবসায়ীরা। 

ক্রেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বড়দিন ও ইংরেজি নববর্ষের কথা বিবেচনায় এনে তা দাম বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন করে বলে জানান বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল।