English Version
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮ ১১:২৫

পেঁয়াজের দাম কমেছে, বেড়েছে মুরগির

অনলাইন ডেস্ক
পেঁয়াজের দাম কমেছে, বেড়েছে মুরগির

প্রায় একমাস স্থিতিশীল থাকার পর রাজধানীতে বাড়তে শুরু করেছে মুরগির দাম। এ সপ্তাহে বয়লার মুরগির দাম বেড়েছে প্রতি কেজিতে ১০-২০ টাকা। তবে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। অন্যদিকে এ সপ্তাহে বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ, হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

বাজার ঘুরে জানা গেছে, বয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১২০-১৩০ টাকা কেজি। এছাড়া ডিমপাড়া সাদা মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১৪০-১৫০ টাকা কেজি।

মুরগির দাম বাড়ার কারণ হিসাবে এক ব্যবসায়ী বলেন, কোরবানির ঈদের পর থেকেই মুরগির দাম কম ছিল। এখন প্রায় সব বাসায় কোরবানির মাংস শেষ হয়ে এসেছে। ফলে বেড়েছে মুরগির চাহিদা। আর চাহিদা বাড়ায় দামও বেড়েছে।

এ ব্যবসায়ী আরো বলেন, গত সপ্তাহেও বয়লার মুরগির কেজি বিক্রি করেছি ১২০ টাকা। কিন্তু সে সময় বিক্রি খুব একটা ছিল না। এখন দাম বেড়ে ১৩০ টাকা হলেও বিক্রি গত সপ্তাহের তুলনায় অনেক বেশি।

এদিকে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বাড়লেও কিছুটা কমেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজের দাম কমে শুক্রবার বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে আমদানি করা ভারতীয় পেঁয়াজ আগের সপ্তাহের মতোই ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দাম কমার কারণ হিসেবে এক ব্যবসায়ী বলেন, আড়ৎ থেকে আমরা এখন কম দামে পেঁয়াজ আনতে পারছি, যে কারণে বিক্রিও করছি কম দামে। আমাদের ধারণা, আমদানি করা পেঁয়াজের দাম কমার কারণে দেশি পেঁয়াজের দাম কমেছে।

অন্যদিকে বাজারে মুরগি ও পেঁয়াজের দাম উঠা-নামা করলেও সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ সবজির দাম। গত কয়েক সপ্তাহের মতো বাজারের এখনও সব থেকে দামের সবজি শিম। এমনকি গত সপ্তাহের তুলনায় এ সবজিটির দাম কিছুটা বেড়েছে। বাজার ও মানভেদে শিমের কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৮০-১০০ টাকা। বাজারের আরেক দামি সবজি পাকা টমেটো। গত সপ্তাহের মতো বাজার ভেদে ৭০-১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে পাকা টমেটোর। গাজরও আগের সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি।

তবে দাম বেড়েছে শীতের আগাম সবজি ফুলকপির। ছোট আকারের প্রতিপিস ফুলকপি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৩০-৩৫ টাকা। তবে পাতাকপি আগের সপ্তাহের মতো ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বরবটি ৫০-৬০ টাকা, চিচিংগা, পটল, ঝিঙা, ধুনদল, কাকরল বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি। পেঁপে আগের মতো ২০-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ৩০-৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে করলা। ঢেঁড়স পাওয়া যাচ্ছে ৩০-৪০ টাকা কেজির মধ্যে।   এছাড়া গত সপ্তাহের দামে বিক্রি হওয়া সবজির মধ্যে রয়েছে- বেগুন, উস্তা, বরবটি, কাকরল, করলা, পটল, ঝিঙা, ধুন্দল, ঢেঁড়স, লাউ। তবে বাজারভেদে বেগুন বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা কেজি এবং উস্তার কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা।