বস্ত্র খাতের লেনদেন বাড়ছে
গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বস্ত্র খাতের শেয়ারে লেনদেন বাড়ছে। এরই ধারাবাহিকতায় বিদায়ি সপ্তাহে (২-৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতের শেয়ার। এছাড়া গত সপ্তাহে এ খাতটির গড় লেনদেন বেড়েছে ৪৩ শতাংশ।
লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
দেখা গেছে, বিদায়ি সপ্তাহে বস্ত্র খাতের শেয়ারে দৈনিক গড় লেনদেন হয়েছে ১৫৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। যার পরিমাণ এর আগের সপ্তাহে ছিল (২৪-২৮ জুন) ১০৮ কোটি ২০ লাখ টাকা। এ হিসাবে বস্ত্র খাতে গড় লেনদেন বেড়েছে ৪৬ কোটি ৯৯ লাখ টাকা বা ৪৩ শতাংশ। এই ২ সপ্তাহের আগের সপ্তাহে (১৭-২১ জুন) গড় লেনদেনের পরিমাণ ছিল ৫৭ কোটি ৩৭ লাখ টাকা।
বিদায়ি সপ্তাহে (২-৫ জুলাই) গড় ১৩৯ কোটি ১৭ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে নেমেছে প্রকৌশল খাত। আর ৬৪ কোটি ৪৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠেছে পেপার অ্যান্ড প্রিন্টিং খাত। লেনদেন হওয়া অন্য খাতগুলোর মধ্যে- ওষুধ ও রসায়ন খাতে ৬৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া বিদ্যুত ও জ্বালানি খাতে ৬০ কোটি ৪৬ লাখ টাকার, বিবিধ খাতে ৫৮ কোটি ৯৭ লাখ টাকা, খাদ্য ও বিবিধ খাতে ৩৭ কোটি ৮২ লাখ টাকা, ব্যাংক খাতে ৩২ কোটি ৯১ লাখ টাকা, সিরামিক খাতে ৩১ কোটি ২৫ লাখ টাকা, ট্যানারি খাতে ২৭ কোটি ২৮ লাখ টাকা, আর্থিক খাতে ১৫ কোটি ১৪ লাখ টাকা, তথ্য প্রযুক্তি খাতে ১৪ কোটি ৮০ লাখ টাকা, বীমা খাতে ৯ কোটি ৮২ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ৭ কোটি ৪২ লাখ টাকা, সিমেন্ট খাতে ৫ কোটি ৪৯ লাখ টাকা, পাট খাতে ৪ কোটি ৮৯ লাখ টাকা, ভ্রমন ও অবকাশ খাতে ৪ কোটি ৫২ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ৩ কোটি ৯৬ লাখ টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩ কোটি ৩৯ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।


