রোজা সামনে রেখে কাঁচাবাজারে আগুন
সপ্তাহ পেরোলেই রমজান। আর এর মধ্যে প্রতিনিয়তই বেড়ে চলেছে সবজির দাম। রাজধানীর বাজারগুলোতে প্রায় সব সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। পেঁপে ও বেগুনের পর এবার চড়া দামে বিক্রি হচ্ছে চিচিঙ্গা ও ধুন্দল।
সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে টমেটো, লাউ, চিচিঙ্গা, ধুন্দল, করলা, পটল, ধেড়স, বরবটির সরবরাহ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তবে সব সবজির দাম চড়া। সবজির এ চড়া দামের ক্ষেত্রেও রোজাই কারণ হিসেবে জানিয়েছেন তারা। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া চিচিঙ্গার দাম বেড়ে ৬০-৭০ টাকা হয়েছে। একই দামে বিক্রি হচ্ছে ধুন্দল।
বাজারে বেশিরভাগ সবজির কেজি এখন ৫০ টাকার ওপরে। ৫০ টাকা কেজির নিচে শুধু করলা ও পটল মিলছে। তবে পেঁয়াজ, মরিচ, আলু, ডিম, রসুনের দাম অপরিবর্তিত রয়েছে।
সবজির পাশাপাশি তালমিলিয়ে বেড়েছে বয়লার মুরগির দামও।
বাজার ভেদে সাদা বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ১৩০-১৪০ টাকা। আর গত সপ্তাহে ১৫০-১৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া লাল কক মুরগির দাম বেড়ে হয়েছে ১৮০-১৮৫ টাকা।
আগামী সপ্তাহেই রোজা শুরু হবে। রোজার শুরুতে মাংসের চাহিদা একটু বেশিই থাকে। তাই এখন মুরগির দাম কিছুটা বেড়েছে বলে জানাচ্ছে কারওয়ানবাজারের বয়লার মুরগি ব্যবসায়ীরা।


