English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৩৫

ভ্যাট ফাঁকি দিয়েছে রবি, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

অনলাইন ডেস্ক
ভ্যাট ফাঁকি দিয়েছে রবি, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

এবার ভ্যাট ফাঁকির অভিযোগ এসেছে বেসরকারি একটি মোবাইল অপারেটরের বিরুদ্ধে। বেসরকারি মোবাইল অপারেটর রবি’র বিরুদ্ধে এ অভিযোগ এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অভিযোগে বলা হয়েছে, বেসরকারি মোবাইল অপারেটর ‘রবি’  প্রায় ১৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।

সোমবার এনবিআর-এর পক্ষ থেকে করা অভিযোগের পর অপারেটরটির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা সকল তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে বলে এনবিআর-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে,  রবি’র বিরুদ্ধে বিশাল অংকের ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি খাতে আইনি লড়াইয়ে ১৮ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলায় হেরে গেছে রবি। সোমবার উচ্চ আদালত রবিকে ভ্যাট ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত করে দ্রুত এ অর্থ পরিশোধের নির্দেশ দেন।

অভিযোগের বিষয়ে জানা গেছে, রবি অপরিশোধিত সম্পূরক শুল্ক, স্থান ও স্থাপনা ভাড়ার উপর প্রযোজ্য অপরিশোধিত সম্পূরক শুল্ক ও মূসক এবং বিটিসিএলকে দেওয়া সেবার উপর মূসক বাবদ মোট ১৮ কোটি ৭২লাখ ৩২ টাকা নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা না করে ফাঁকি দিয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি রবি আজিয়াটা লিমিটেডের কাছে বিভিন্ন বকেয়া ভ্যাট বাবদ ৯২৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৫২৯ টাকা আদায়ে চূড়ান্ত দাবিনামা ইস্যু করে এনবিআর।