ডিসিসিআইএর নতুন সভাপতি আবুল কাসেম খান
২০১৭ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাসেম খান। এছাড়া সংগঠনটির ঊর্ধ্বতনসহ সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম, এফসিএ এবং হোসেন এ সিকদার।
আজ বৃহস্পতিবার ডিসিসিআইয়ের ৫৫তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচিত করা হয়। ডিসিসিআই সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি আবুল কাসেম খান ১৯৬৮ সালের ১ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
আবুল কাশেম খান ১৯৯২ সালে ব্যবসা প্রশাসনে উচ্চ শিক্ষা লাভ করেন। ১৯৯২-১৯৯৬ সাল পর্যন্ত ব্যাংকিং পেশায় নিয়োজিত ছিলেন এবং ১৯৯৬ সাল হতে পারিবারিক ব্যবসায় যোগদান দেন। বর্তমানে তিনি এ কে খান অ্যান্ড কোম্পানী লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ, আবুল কাশেম খানের প্রতিষ্ঠান বাংলাদেশে টেক্সটাইল, টেলিকম ডিস্ট্রিবিউশন, আইএসপি/এএসপি, গভীর সমুদ্রে মৎস আহরণ ও প্রক্রিয়াজাতকরণ, বনায়ন প্রভৃতি ব্যবসায় নিয়োজিত রয়েছে এবং বাংলাদেশে বেসরকারি মালিকানায় বন্দর, আইসিডি স্থাপনের বিনিয়োগ করেছে।
এছাড়াও ডিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি একেপেন লিমিটেড, এ কে খান সিকিউরিটিজ লিমিটেড এবং এক্সিকম লিমিটেড (একেনেট)-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি কামরুল ইসলাম, এফসিএ মাসনুনস লিমিটেডের চেয়ারম্যান এবং ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউনটেন্টস্-এর পার্টনার। তিনি ১৯৫৯ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং-এ স্নাকোত্তর ডিগ্রী লাভ করেন।
কামরুল ইসলাম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ (আইসিএসবি)-এর সদস্য। তিনি বর্তমানে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স-এর পরিচালক। জনতা ব্যাংক ও ঢাকা চেম্বারের সাবেক পরিচালক এবং হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের গভার্নিং কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি উত্তরা ক্লাব লিমিটেড-এর আজীবন সদস্য এবং ট্রান্সপেরান্সি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডিসিসিআইয়ের নবনির্বাচিত সহ-সভাপতি হোসেন এ সিকদার ১৯৬৪ সালে পুরান ঢাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৬ সালে ঢাকা চেম্বারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা শিল্প মালিক সমিতি (বিসিক কেরানীগঞ্জ) এবং বাংলাদেশ হ্যান্ডিক্রাফটস ম্যানুফ্যাকচার্স এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দায়িত্ব পালন করেন।
এছাড়াও হোসেন এ সিকদার কোহিনূর লেদার প্রডাক্টস লিমিটেড এবং হোমটেক ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।


