ডাটা সেন্টার ক্রয়ে বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে
ই-টেন্ডারিংয়ের জন্য ডাটা সেন্টার ক্রয়ে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় অতিরিক্ত অর্থায়ন হিসাবে বিশ্বব্যাংক ৮০ কোটি টাকা ঋণ দিচ্ছে।
সোমবার (২৫ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী সফিকুল আযম এবং বিশ্বব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজেশ্বরী এস পারালকার।
কাজী সফিকুল আযম বলেন, টাকার অংকে কম হলেও এই অর্থায়নের মাধ্যমে সরকারি কেনাকাটায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। ডাটা সেন্টার কেনার মাধ্যমে ইজিপি কার্যক্রম স্বয়ংসম্পূতা অর্জন করবে। বাংলাদেশ ইজিপির ক্ষেত্রে সফল হয়েছে। এক্ষেত্রে মধ্য আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে এ প্রকল্পের আওতায় একটি নতুন স্ট্রেট অব-দ্য-আর্ট ডাটা সেন্টার নির্মিত হবে যার ধারণক্ষমতা হবে ২০ টেরাবাইট। এছাড়াও একটি মিরর সাইট স্থাপিত হবে যা বর্তমানে অবস্থিত নিম্ন ধারণক্ষমতার ডাটা সেন্টারকে প্রতিস্থাপন করবে। মিরর সাইটটির নিরাপত্তা ব্যবস্থা অধিকতর উন্নত হবে এবং বর্তমান ডাটা সেন্টারের ১৮০ গুণ ধারণ ক্ষমতাসম্পন্ন হবে। যেখানে প্রায় ৮.৬ মিলিয়ন টেন্ডার সংরক্ষণ করা যাবে। এবং ৩ লাখ ২৫ হাজার নিবন্ধিত দরদাতার তথ্য সংরক্ষণ করা যাবে।


