আপডেট : ২ জুন, ২০১৬ ১৫:৩২
অবকাঠামো ও উন্নয়ন বাজেটে প্রাধান্য পাবে
অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের বাজেট অধিবেশন বৃহস্পতিবার (২ জুন) ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। বিকালে জাতীয় সংসদে দেশটির অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই বাজেট পেশ করবেন।
এ বছরের বাজেট ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার হবে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী।
বাংলাদেশের গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলছেন, অবকাঠামো এবং উন্নয়নই বাজেটে প্রাধান্য পেতে পারে। এবারের ৩ কোটি ৪০ হাজার কোটি টাকার বাজেট আসছে। কিন্তু উন্নয়ন চাহিদার প্রেক্ষাপটে এটা যে খুব বড় নয়।
"রাজস্ব আয়ের ক্ষেত্রে ভ্যাটের প্রচলন শুরু হওয়ার কথা। সেখানে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আশা করি সেটা পরিষ্কার করবে"। কোন খাতগুলো বেশি গুরুত্ব পাবে এমন প্রশ্নের জবাবে মিস্টার রহমান বলেন অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি এগুলোতে গুরুত্ব থাকবে। পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে জোর দেয়া হবে। কৃষি খাতেও মনে হচ্ছে বৈচিত্র্যকরন আনার চেষ্টা থাকবে। তবে বাজেট বাস্তবায়নের লক্ষ্যমাত্রা পূর্ণ দুরুহ হবে যদিও মন্ত্রণালয়গুলোর সক্ষমতা না বাড়ে।
এদিকে, বাজেট অধিবেশন আগামী ২৮ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সভায় সভাপতিত্ব করেন। কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন।
কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আবুল হাসানাত আব্দুল্লাহ, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে সভায় অংশগ্রহণ করেন।
সভায় এই অধিবেশন ঈদুল ফিতর উপলক্ষে ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত মুলতবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রমজান মাসে প্রতিদিন সকাল ১০টায় অধিবেশন শুরু এবং প্রয়োজনে এ সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হবে। এছাড়া বাজেট বক্তৃতার ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতীয় সংসদের একাদশ (বাজেট) অধিবেশন বুধবার শুরু হয়েছে। বুধবার বিকেল ৫টা ১ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এই অধিবেশনেই ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উত্থাপন ও পাশ করা হবে।