তথ্য জানাতে চালু এনবিআরের হেল্পডেস্ক
২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট অধিবেশন সময়কালে উত্থাপিত আয়কর, মূল্য সংযোজন কর এবং শুল্ক সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরের সহায়তায় জাতীয় সংসদে একটি ‘হেল্পডেস্ক’ চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (১ জুন) থেকে চালু হওয়া এ হেল্পডেস্কটি সংবদ অধিবেশন চলাকালীন ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে।
বুধবারের এ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেল্পডেস্কে দায়িত্ব পালন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর, মূসক ও শুল্ক অনুবিভাগের ৫৬ জন কর্মকর্তাকে নিয়োজিত করা হয়েছে। প্রতিদিন ২ জন করে ২৬ দিন ৫৬ জন কর্মকর্তা নিয়োজিত থেকে বাজেট অধিবেশনে উত্থাপিত আয়কর, মূসক ও শুল্ক সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যদেরকে সহায়তা করবেন।
পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, সংসদ অধিবেশন চলাকালীন মহান জাতীয় সংসদে আগত দর্শনার্থী, সাংবাদিকরা এবং অতিথিরা ‘হেল্পডেস্ক’ থেকে অনুরুপ সহায়তা গ্রহণ করতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ড’র চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ বিষয়ে বলেন, আমরা ২০১৬-২০১৭ অর্থবছরে বাজেট অধিবেশন চলাকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, দর্শনার্থী, সাংবাদিক এবং অতিথিদের বাজেটে উত্থাপিত আয়কর, মূসক ও শুল্ক বিষয়ে বিভিন্ন প্রশ্নের সহজ উত্তর এবং সংশ্লিষ্ট আইন, বিধি-বিধান বিষয়ক সহায়তা করার জন্য এ হেল্পডেস্ক চালু করেছি। আশা করি, এর মাধ্যমে বাজেট অধিবেশন সময়কালে সকলে প্রয়োজনীয় সহায়তা পাবেন।


