English Version
আপডেট : ২৪ মে, ২০১৬ ১৬:৫২

জনশক্তি আমদানি ও বিনিয়োগ বাড়াতে সৌদির প্রতি আহ্বান

অনলাইন ডেস্ক
জনশক্তি আমদানি ও বিনিয়োগ বাড়াতে সৌদির প্রতি আহ্বান

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দক্ষ জনশক্তি, তৈরি পোশাক, ওষুধ আমদানি এবং কৃষিখাতে বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। বাংলাদেশের কৃষি খাতে সৌদি বিনিয়োগকে স্বাগত জানানো হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানিকারকদের কারিগরি সমর্থন প্রদানের জন্য বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটি যৌথ কারিগরি কমিটি গঠন করা হলে উভয় দেশ উপকৃত হবে।

বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং সৌদি আরবের মধ্যে আগামী কিছু দিনের মধ্যে জয়েন্ট কমিশনের ১১তম সভা অনুষ্ঠিত হবে। সেখাবে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে।

সৌদি আরবে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সৌদি আরবের এক্সপোর্ট প্রমোশন বিভাগের ডিরেকটর জেনারেল এবং সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির চেয়ারম্যান আহমেদ এম আল-ঘাননামের সঙ্গে মতবিনিময় করার সময় একথা বলেন। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী মজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি, ওআইসির সেক্রেটারি জেনারেল ড. আয়াদ মাদানি উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

তোফায়েল আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশের গড় প্রবৃদ্ধি শতকরা ৬ ভাগের বেশি। বাংলাদেশ ইতোমধ্যে নিম্নমধ্যম আয়ের দেশে হিসেবে আত্মপ্রকাশ করেছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে হিসেবে আত্মপ্রকাশ করবে। সে লক্ষ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে সফলতার সাথে কাজ করে যাচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ রপ্তানিযোগ্য জনশক্তি রয়েছে। তৈরি পোশাক ও ওষুধ সৌদি আরবে রপ্তানির প্রস্তার দিলে সৌদি বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে আলোচনা ও সম্ভাবতা যাচাই করার জন্য সৌদি ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ১৫তম ওআইসি ট্রেড ফেয়ারের উদ্বেধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী মজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি, ওআইসির সেক্রেটারি জেনারেল ড. আয়াদ মাদানি।

মেলায় বাংলাদেশসহ ৩০টি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশের প্রায় ৩৬টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়ে বাংলাদেশের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রয় করছে। এরমধ্যে বাংলাদেশ সরকারের রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিএমইটি এবং বিওইএসএল রয়েছে। মেলায় বাংলাদেশের প্রক্রিয়াকরণ খাদ্য, তৈরি পোশাক, তাওয়াল, হোম টেক্সটাইল প্রভৃতি পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলায় বাংলাদেশের শ্লোগান হলো ‘মেড ইন বাংলাদেশ -আওয়ার ব্রান্ড আওয়ার প্রাইড’।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ১৫তম ওআইসি ট্রেড ফেয়ারে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন। এ সময় রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশি, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) জাহির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মক্কায় পবিত্র ওমরা পালন এবং মদিনা শরিফ জিয়ারত শেষে আগামী ২৬ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।