English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ১৪:৩৯

‘পাটের বস্তার ব্যবহার নিশ্চিতে অভিযান’

অনলাইন ডেস্ক
‘পাটের বস্তার ব্যবহার নিশ্চিতে অভিযান’

ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এই ছয় পণ্য সংরক্ষণ ও পরিবহনে প্লাস্টিক বস্তার ব্যবহার লক্ষ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন সঠিকভাবে পরিপালন হচ্ছে না বলে মনে করে এ মন্ত্রণালয়।

ছয়টি পণ্যেই পাটের বস্তার ব্যবহার হচ্ছে কি না তা নিশ্চিত করতে ফের সারাদেশে বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। আগামী সপ্তাহ থেকে এ বিশেষ অভিযান শুরু হবে। মন্ত্রণালয়ের সূত্র থেকে এমনই তথ্য জানা যায়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের অগ্রগতি-বিষয়ক এক সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হোসেন খালেদ ও পাট অধিদফতরের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মির্জা আজম বলেন, কারাদণ্ড, অর্থদণ্ড, ব্যাংকঋণ সুবিধা বন্ধ, লাইসেন্স বাতিল, আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ও রফতানি নিবন্ধন সনদ (ইআরসি) বাতিলের বিধান রেখে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে আবারও বিশেষ অভিযান চালু হবে। যদিও এ ছয় পণ্য সংরক্ষণ ও পরিবহনে দেশের বিভাগ, জেলা, উপজেলা, থানা পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এ জন্য সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নে মনিটরিংয়ের জন্য আবারও নির্দেশনা দেওয়া হচ্ছে।