English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ১৫:৫২

রফতানি আয় বেড়েছে

অনলাইন ডেস্ক
রফতানি আয় বেড়েছে

২০১৪-১৫ অর্থবছরের প্রথম ৯ মাস  (জুলাই-মার্চ) তুলনায় চলতি ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে রফতানি আয় বেড়েছে ২০৫ কোটি মার্কিন ডলার। রফতানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ (ইপিবি) পণ্য রফতানি আয়ের সবশেষ হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করেছে।

জানা যায়, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৯ মাসে  (জুলাই-মার্চ) আয় হয়েছে দুই হাজার ৪৯৫ কোটি ৫১ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল দুই হাজার ২৯০ কোটি ৪৭ লাখ ডলার।  ফলে গত অর্থবছরের চেয়ে রফতানি আয় বেড়েছে ২০৫ কোটি মার্কিন ডলার।

ইপিবির তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে পণ্য রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৪৪৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ওই লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫২ কোটি ডলার বেশি রফতানি আয় হয়েছে।

চলতি অর্থবছরের মার্চ মাসেই ২৮৩ কোটি ডলার রফতানি আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২৫৯ কোটি ডলার। এর আগে ফেব্রুয়ারি মাসে রফতানি আয় ছিল ২৮৫ কোটি ডলার।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে অর্জিত রফতানি আয়ের মধ্যে তৈরি পোশাক খাত থেকেই এসেছে দুই হাজার ৪৪ কোটি ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে ওভেন পোশাক রফতানি থেকে। এ খাত থেকে এক হাজার ৭৬ কোটি ৫৮ লাখ ডলার আয় হয়েছে। আর নিট পোশাক খাত থেকে রফতানি আয় হয়েছে ৯৬৭ কোটি ৪৩ লাখ ডলার।

গত অর্থবছরের একই সময়ে তৈরি পোশাক খাত থেকে আয় হয় এক হাজার ৮৬২ কোটি ডলার।