English Version
আপডেট : ২৬ মার্চ, ২০১৬ ১৪:৪০

সেরা করদাতাদের ট্যাক্স কার্ড সংখ্যা বাড়ানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
সেরা করদাতাদের ট্যাক্স কার্ড সংখ্যা বাড়ানোর উদ্যোগ
বর্তমানে ১০ জন ব্যক্তি ও ১০ কোম্পানিকে এক বছরে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড দেয়ার মাধ্যমে সম্মাননা দেয়া হয়। কিন্তু এর সংখ্যা কয়েকগুণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের দীর্ঘদিনের দাবিতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। 
 
এনবিআর সূত্রে, এ তিনটি ভাগে ১০১ জন করে মোট ৩০৩ জন ব্যক্তি ও কোম্পানিকে আগামীতে সম্মাননা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। এ জন্য এনবিআরের ট্যাক্স কার্ড প্রদান সংক্রান্ত নীতিমালায় সংশোধন আনা হবে। এনবিআরের ঊর্দ্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে ইতিমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।
 
বর্তমানে ২০১০ সালের ট্যাক্স কার্ড প্রদান নীতিমালার আওতায় ২০ ব্যক্তি ও কোম্পানিকে সর্বোচ্চ করদাতার ভিত্তিতে সম্মাননা দেয়া হচ্ছে। এর বাইরে দেশের সব জেলা ও সিটি কর্পোরেশন এলাকার প্রতিটিতে ৩ জন শীর্ষ করদাতা ও ২ জন দীর্ঘমেয়াদি করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তবে বিদ্যমান নীতিমালায় অনেক সীমাবদ্ধার কথা জানিয়ে এটি সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী নেতারা।
 
নতুন করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেবা দানকারী প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, সরকার পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান, সিনিয়র নাগরিকের পাশাপাশি তরুণ (৪০ বছর বয়নের নিচে) করদাতাদেরও ট্যাক্সকার্ডে অন্তর্ভূক্ত করা হবে। এছাড়া ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, পরামর্শক এবং বেতনভোগী ব্যাক্তিরাও এ তালিকায় আসতে পারেন।
 
নীতিমালা সংশোধনের লক্ষ্যে এনবিআর সদস্য পারভেজ ইকবালকে প্রধান করে ইতিমধ্যে ৬ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে কমিটিকে এ বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়, নারী ও তরুণদের নিয়ে আলাদা তালিকা করতে বলা হয়েছে। আয়কর দিয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখায় ২০০৯-১০ অর্থবছর থেকে সরকার ট্যাক্স কার্ড দেয়ার মাধ্যমে সম্মাননা জানিয়ে আসছে।
 
কিন্তু নীতিলার সীমাবদ্ধতার কারণে একই ব্যক্তি ও প্রতিষ্ঠান কেবলমাত্র উৎসে কর কর্তনের কারণে বছরের পর বছর শীর্ষ করদাতার সম্মাননা পেয়ে আসছিলেন। অনেক বেশি কর দেয়া সত্বেও বিদ্যমান সীমাবদ্ধতায় অনেক প্রতিষ্ঠান তা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। 
 
এ বিষয়ে সোচ্চার হয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনের পক্ষ থেকে এ নীতিমালা সংশোধনের দাবি জানানো হয় যাতে বেশি সংখ্যক ব্যক্তি ট্যাক্স কার্ড পেতে পারেন।