রাজস্ব আদায় ব্যবস্থা সঠিক পথে যাচ্ছে: অর্থপ্রতিমন্ত্রী
নতুন প্রজন্মের মেধা আর শক্তি দিয়ে দেশের রাজস্ব আদায় ব্যবস্থা সঠিক পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান। পাশাপাশি সরকার উন্নয়নের সঙ্গে জাতীয় মেধার বিকাশেও কাজ করছে।
মঙ্গলবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ডিজিটাল কর ব্যবস্থাপনার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সকলের সহযোগিতায় সরকার বিশাল কাজ করছে। এর অংশ হিসাবে এনবিআর রাজস্ব আদায় ডিজিটাল করার জন্য বড় বড় প্রকল্পের কাজ হাতে নিয়েছে।
মান্নান বলেন, দেশের প্রত্যেকটা খাত প্রধানমন্ত্রীর কথায় উজ্জীবিত হয়ে কাজ করছে। এর সুফলও পাচ্ছে দেশের জনগণ। সবাই মিলে আধুনিক বাঙালি সভ্যতার প্রয়োগে একসঙ্গে এক লক্ষ্যে কাজ করতে হবে। আয়কর বিভাগের স্ট্রেনদেনিং গভার্নেন্স ম্যানেজমেন্ট প্রোজেক্ট (এসজিএমপি) প্রকল্পের আওতায় এনবিআর আয়কর সংশ্লিষ্ট সকল সুবিধাদি দেওয়ার ব্যবস্থা করেছে। যা জুলাই ২০১৬ থেকে বাস্তবায়িত হবে। শুধু করদাতাকে সেবা নয়, এ প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী মাঠ পর্যায়ের ৬৪৯টি আয়কর সার্কেল অফিসও এ ডিজিটাল সংযোগে যুক্ত হচ্ছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় ভিয়েতনামভিত্তিক আইটি প্রতিষ্ঠান এফপিটি ইনফরমেশন সিস্টেম কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। করবিভাগকে পূর্ণাঙ্গ, স্বয়ংসম্পূর্ণ, আধুনিক, শক্তিশালী, জবাবদিহি ও প্রযুক্তি নির্ভরবিভাগ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পটি নিয়েছে এনবিআর। এনবিআরকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনতে প্রকল্পটি সহায়তা করবে।
প্রতিমন্ত্রী জানান, এই প্রকল্পের আওতায় অনলাইনে আয়কর রিটার্ন (আয়কর বিবরণী) পূরণ ও দাখিল করতে পারবেন। ঘরে বসেই পাবেন আয়কর রিটার্ন ও প্রাপ্তিস্বীকারপত্র। ই-পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে অনলাইনে কর প্রদান করতে পারবেন। সেক্ষেত্রে ব্যাংক, চালান বা ক্যাশের মাধ্যমে জমা দিয়ে নাম্বারটি অনলাইনে দিয়ে দিতে হবে। সব ব্যাংকের সাথে চুক্তি হয়েছে। প্রক্রিয়া শেষে যেকোনো করদাতা যেকোনো ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট থেকে কর দিতে পারবেন।
এছাড়া আগের পদ্ধতিতে চাইলেও যেকোনো করদাতা কর অফিসে সেবা পাবেন। ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন করা ও সনদপত্র পাবেন বলে জানান তিনি।


