English Version
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:০৭
সূত্র:

নেত্রী বললে সাধারণ সম্পাদক পদ থেকে সরে যাবো: ওবায়দুল কাদের

নেত্রী বললে সাধারণ সম্পাদক পদ থেকে সরে যাবো: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘আমাদের দলের সভাপতি ও পার্টির সুপ্রিম শেখ হাসিনা। কাউন্সিলে কাউন্সিলররা নেত্রীর মাইন্ড সেটের ওপর সবকিছু ছেড়ে দেন। দলের সাধারণ সম্পাদক সভাপতির নির্দেশ অনুযায়ী চলেন। আরেকবার সাধারণ সম্পাদক হবো কিনা, তা নেত্রীর ইচ্ছার ওপর নির্ভর করে। তিনি বললে থাকবো, না বললে সরে যাবো। তবে এই পদে যে-ই আসুক আমি তাকে স্বাগত জানাই।’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রার্থী যে কেউ হতে পারেন। এটা তাদের অধিকার। কিন্তু নেত্রীর ইচ্ছার বাইরে কিছু হয় না। নেত্রী যাকে চয়েস করবেন তিনিই নেতা হবেন। আমি ভাগ্যবান যে, এই দলের সাধারণ সম্পাদক হয়েছি। এটা বিরাট সম্মানের বিষয়। দলের অনেক বড় বড় নেতা এখনও সাধারণ সম্পাদক হতে পারেননি।’

দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে আপনি সফল কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দলের সাধারণ সম্পাদক এবং সরকারের মন্ত্রী হিসেবে সফলতা থাকলে ব্যর্থতাও রয়েছে। একজন মানুষ সবদিক থেকে শতভাগ পারফেক্ট হন না।’

তিনি বলেন, ‘মানুষের জীবনে সবকিছু পূর্ণ হয় না। আমার আন্তরিকতার ঘাটতি ছিল না। অসুস্থতার পরেও দল এবং সরকারের দায়িত্ব পালন করেছি, সময় দিয়েছি।’  

এদিকে গত শনিবার ওবায়দুল কাদের যুবলীগ আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলে, মন্ত্রীত্ব চলে গেলে তিনি আবারও সাংবাদিকতা পেশায় ফিরে আসবেন।

চলতি বছরের ২ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কাদের। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে চলতি বছরের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি করা হয়। কার্ডিওথোরাসিক সার্জন সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে তার সার্জারি সম্পন্ন করা হয়।