আজ থেকে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা শুরু
আজ (বুধবার) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় নামছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের পর কোটালীপাড়ায় নির্বাচনী জনসভায় ভাষণ দিয়ে প্রচারণা শুরু করবেন তিনি।
আওয়ামী লীগের প্রচারণা কর্মসূচির বিষয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, গতকাল (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে সড়কপথে টুঙ্গিপাড়ায় যান।
প্রথমে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর কোটালীপাড়ায় এক জনসভায় বক্তৃতা দেওয়ার মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
এছাড়াও পরেরদিন বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সড়ক পথে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী মোড়, পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ বাসট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মাঠে ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলেও জানান আব্দুর রহমান।
গোপালগঞ্জ থেকে বাসস সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রীর জনসভা স্থল কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারী ডিগ্রী কলেজ মাঠ পরিদর্শন করেছে আইনশৃংখলা বাহিনী শীর্ষ কর্মকর্তারা ও রাজনৈতিক ব্যক্তিরা। জনসভার মঞ্চ তৈরীসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ সারা জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন ও কোটালীপাড়ায় জনসভার মধ্য নির্বাচনী প্রচারনা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
তাঁর এই সভাকে সফল করতে দলীয়ভাবে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া সফর শেষে ১৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ১৭ ডিসেম্বর আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর ১৮ ডিসেম্বর থেকে ফের নির্বাচনী সফর শুরু করার কথা রয়েছে শেখ হাসিনার।
২৫ ডিসেম্বর পর্যন্ত আরও ২০টি জেলা সফরের পরিকল্পনা আছে।
যেসব জেলায় সফর করার কথা রয়েছে,সেগুলো হলো- রংপুর, সিলেট, নড়াইল, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, জয়পুরহাট, বগুড়া, যশোর, বাগেরহাট, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী ও নাটোর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফরের প্রস্তুতি পর্যবেক্ষণ ও সার্বিক দেখভালের জন্য মঙ্গলবার একটি অগ্রবর্তী টিম সেখানে যায়।
টিমের সদস্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ।


