English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৮ ১২:১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রলীগের নতুন কমিটির সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রলীগের নতুন কমিটির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বুধবার দুপুরে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা।

এর আগে নবনির্বাচিত কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় তাদের সঙ্গে ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।  

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নতুন কমিটির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম  হোসাইন, ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ। 

এর আগে গত মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওপর অর্পিত ক্ষমতাবলে আগামী ২ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন দেন। এতে দেখা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক চারজনই ঢাবির আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী।

এদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন কুড়িগ্রামের ছেলে মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন। তিনি ঢাবির আইন বিভাগের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। অপরদিকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী। তিনি বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি মাদারীপুরে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ঢাবির আইন বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বিভাগের ৩৯তম ব্যাচের। তার বাড়ি পঞ্চগড়ে।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসের ১১ ও ১২ তারিখে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয়। দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণার নিয়ম থাকলেও শীর্ষ পদের নেতৃত্ব বাছাইয়ে সময় নেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।