‘দুর্নীতির মামলায় খালেদা জিয়া কারাগারে এটা সম্পূর্ণ বানোয়াট’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া ‘দুর্নীতির মামলায় কারাগারে' এটা সম্পূর্ণ বানোয়াট, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনগড়া কথা।
বুধবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর আসাদ গেটে ফ্যামিলি ওয়ার্ল্ড হোটেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, বেগম খালেদা জিয়ার রোগের আরোগ্য ও কারা মুক্তির জন্য দোয়া, ইফতার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় আজকে কারাগারে’ আমি তাকে স্মরণ করে দিতে চাই আপনি দয়া করে এই যে একটি নিয়ন্ত্রিত আদালতের রায় আপনি পড়ুন। মামলা হয়েছে দুর্নীতি দমন আইনে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হয়েছে দণ্ড বিধিতে, তিনি (খালেদা জিয়া) নাকি ওয়াদার বরখেলাপ করেছেন। তাই বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাগারে এটা সম্পূর্ণ বানোয়াট, আপনার (প্রধানমন্ত্রীর) মনগড়া কথা। আপনার বাধ্যগত যে আদালত, সে আদালত বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় শাস্তি দেয় নাই। আপনাদের নির্দেশে, সরকারের নির্দেশে শাস্তি দিয়েছে। এবং বার বার জামিন পাওয়ার পরও সরকারের নির্দেশে বেগম খালেদা জিয়াকে মুক্ত করছে না, মুক্ত হতে দিচ্ছে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারী হিসেবে খ্যাতি অর্জন করেছেন দাবি করে দলটির এই সিনিয়র নেতা বলেন, ‘এই সরকার মনে করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পরে বিএনপি ও তাদের সমর্থকরা নিশ্চুপ বা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে! কিন্তু দেশনেত্রীকে কারাগারে নেওয়ার পরে তার ভাবমূর্তি আগের থেকে উন্নত হয়েছে। তিনি দেশনেত্রী থেকে বিশ্ব নেত্রী হয়েছেন। তিনি গণতন্ত্রের মাতা হয়েছেন, দেশ মাতার উপাধি লাভ করেছেন। অন্যদিকে যিনি বানোয়াট কথা বলছেন, শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে তিনি স্বৈরাচারী হিসেবে খ্যাতি অর্জন করেছেন।’
সরকার আদালতকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে। তাই আইন আদালতের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করা যাবে না। তাই আমরা বিশ্বাস করি আন্দোলন সংগ্রামের মাধ্যমে নেত্রীকে মুক্ত করতে হবে। নেত্রীর মুক্তি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা, এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সুতাতে গাঁথা বলে উল্লেখ করেন মোশাররফ হোসেন।
আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কবি আবদুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ইউসুফ হায়দার, শিক্ষক ওবায়দুল ইসলাম, মোর্শেদ হাসান খান প্রমুখ।


