English Version
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮ ২২:২২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তারেক রহমানের লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্ক
পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তারেক রহমানের লিগ্যাল নোটিশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন’—এ মন্তব্য করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সংবাদ প্রকাশ করায় দুটি জাতীয় দৈনিকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে তারেক রহমানের পক্ষে তার আস্থাভাজন হিসেবে পরিচিত বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল রেজিস্ট্রি ডাকযোগে প্রতিমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশে প্রতিদিন পত্রিকার সম্পাদককে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

নোটিশে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন’—এ খবর ‘ভিত্তিহীন’ দাবি করে তা প্রত্যাহার করতে বলা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ব্যারিস্টার কায়সার কামাল আরটিভি অনলাইনকে বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ বক্তব্য রাখা হয়েছে। রাজনৈতিকভাবে হেয় করতেই এই বক্তব্য দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বক্তব্য। দশ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে।’

গেলো শনিবার (২১ এপ্রিল) যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সবুজ পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সেই তারেক রহমান কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন?’ এমন বক্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বরাত দিয়ে ২৩ এপ্রিল সোমবার দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়।

প্রসঙ্গত, দীর্ঘ নয় বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তারেক রহমান। সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি লন্ডনে যান। এর পর থেকে তিনি সেখানে অবস্থান করে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে সংগঠনটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান।