English Version
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮ ১৫:০০

দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে সতর্ক করলেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে সতর্ক করলেন ওবায়দুল কাদের

যে কোনো স্পর্শকাতর বিষয়ে সরকারে যারা দায়িত্বশীল পদ বা অবস্থানে আছেন তাদের দায়িত্বজ্ঞানহীন কথা বলতে বারণ করেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এই সময় তিনি বলেন, গত কয়েকদিন কোটা সংস্কারসহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে দলের দায়িত্বশীলদের বিভিন্ন মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে।

সেতুমন্ত্রী বলেন, এ আন্দোলন কেন্দ্র করে কোনো বিদ্বেষপ্রসূত মনোভাব নিয়ে কেউ যাতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের তুলোধুনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সোমবার সংসদ অধিবেশনে বলেন, ‘পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেবো। মতলববাজ, জামায়াত-শিবির, তাদের এজেন্টদের বিরুদ্ধে সামান্য শৈথিল্য দেখানো হবে না।’

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সুযোগ পাবে না, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে? তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত হবে? রাজধানীকেন্দ্রিক একটি এলিট শ্রেণী তৈরির চক্রান্ত চলছে।’

এ দিকে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ছড়িয়ে পড়েছে সবখানে। সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয়ায় চতুর্থ দিনে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। আজ বুধবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা যোগ দিয়েছেন বিক্ষোভ সমাবেশে।