English Version
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:০৭

রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির সেমিনার রোববার

অনলাইন ডেস্ক
রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির সেমিনার রোববার

গণহত্যাসহ বর্বর নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া মুসলিম রোহিঙ্গাদের বিষয়ে সেমিনারের আয়োজন করেছে বিএনপি। আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ৩টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এ সেমিনার অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত,সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও রাজনৈতিক দলের নেতাদের এ সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সেমিনারে রোহিঙ্গা ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরা হবে।

পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে করা বাংলাদেশ-মিয়ানমার চুক্তি অনুযায়ী এ রোহিঙ্গা সমস্যা সমাধানে সেমিনার থেকে সরকারের প্রতি বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হবে।

রোহিঙ্গা ইস্যুতে শুরু থেকেই সোচ্চার ছিল বিএনপি। সংকটের শুরু হওয়ার পরই ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা বন্ধে বিবৃতি দেন চেয়ারপারসন খালেদা জিয়া। ১২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য দেশ এবং ওআইসির সদস্য দেশগুলোর মোট ৫০ জন পররাষ্ট্রমন্ত্রীর কাছে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধ ও এর সমাধানে ৫ সুপারিশসম্বলিত চিঠি পাঠিয়েছেন। এছাড়া সম্প্রতি রাজধানী ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করেন দলটির নেতাকর্মীরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে বেশি দূরে যেতে হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৮ সাল ও খালেদা জিয়া সরকারের ১৯৯২ সালে যে প্রক্রিয়ায় রোহিঙ্গাদের মিয়ানমার সরকার নিতে বাধ্য হয়েছে, ওই প্রক্রিয়া অনুসরণ করলেই সমাধান করা সহজ।

এ ইস্যুতে জাতিগতভাবে আমাদের সবাইকে এক সুরে কথা বলে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে এসব শরণার্থী রোহিঙ্গাদের তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে বলে তিনি জানান।