English Version
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৪৭

‘খালেদা জিয়া মানবিক হলে সব কিছু ফেলে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতেন’

অনলাইন ডেস্ক
‘খালেদা জিয়া মানবিক হলে সব কিছু ফেলে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতেন’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মানবিক গুণাবলি না থাকায় রোহিঙ্গা ইস্যুতে তিনি নিখোঁজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, খালেদা জিয়া যদি মানবিক হতেন তাহলে সব কিছু ফেলে রেখে নির্যতিত রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়াতেন।

শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে এস এম জাহাঙ্গীরের চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘লন্ডনের একটি নাম করা টেলিভিশনে মাদার অব হিউমেনিটি খেতাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভূষিত করে নিউজ প্রচার করেছে। কিন্তু বাংলাদেশে একটি দল আছে যারা অং সান সূচির সঙ্গে তুলনা করে বক্তব্য দাঁড় করিয়েছে। চিন্তা করে দেখেন ওরা কত নোংরা। এদের চিন্তা চেতনা কত নিচু।’ বিএনপি মহাসচিব বলেছেন, বিলম্ব হলেও প্রধানমন্ত্রীর বোধোদয় হয়েছে। অর্থাৎ তিনি যে কক্সবাজারে গেলেন। এই যে বিজিবি মিয়ানমার থেকে গৃহহারা মানুষকে বাংলাদেশে আসতে দিয়েছে সেই নির্দেশ তো প্রধানমন্ত্রীর। তুরস্কের ফার্স্ট লেডি এসেছেন, পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, জাতিসংঘে আলোচনা হবে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি প্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন,কিন্তু কোথায় খালেদা জিয়া? এত বড় ঘটনা, আপনারা বলছেন প্রধানমন্ত্রীর বোধোদয় হয়েছে। প্রধানমন্ত্রীকে পেয়ে ওখানকার মানুষ আবেগে আপ্লুত হয়েছে। আর খালেদা জিয়া নিখোঁজ। তিনি হারিয়ে গেছেন।