ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিল ফখরুল
সহায়ক সরকার ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাখ্যা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা সহায়ক সরকার বলতে সম্পূর্ণ দল নিরপেক্ষ সরকার বুঝিয়েছি, যারা নির্বাচনের সময় কাজ করবে। এক্ষেত্রে ওবায়দুল কাদের যে ব্যাখ্যা দিয়েছেন, তা ঠিক নয়।’
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সহায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের যে চিন্তা তার সঙ্গে বিএনপির চিন্তার মিল নেই। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সরকারি দলের ওপর অন্যান্য রাজনৈতিক দলের বিশ্বাস এবং আস্থা থাকে না। তাই ১৯৯৬ সালের নির্বাচনের সময় একটি সহায়ক সরকারের কথা আওয়ামী লীগ বলেছিল, যার অধীনে তিনটি নির্বাচনও হয়েছে। জনগণ তা গ্রহণও করেছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে সহায়ক সরকারের ব্যাপারটি পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে এবং ২০১৪ সালের নির্বাচন তারা সেভাবেই করেছে। এদেশের মানুষ সে নির্বাচন গ্রহণ করেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ১৫৪ জনকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করেছে। এজন্য এ সরকারের বৈধতাও নেই।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বলছি, আলাপ-আলোচনার ভিত্তিতে সহায়ক সরকারের ব্যবস্থা করেই আমরা নির্বাচনে যেতে চাই। আগামী নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণে হয়, আমরা সেটাও চাই।’
উল্লেখ্য, রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান এ এইচ সি সরকারি উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, সহায়ক সরকার সংবিধানেই আছে। শেখ হাসিনার সরকারই আগামী নির্বাচনে সহায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন। এমন বক্তব্যের জাবাবে সোমবার (৪ সেপ্টেম্বর) মির্জা ফখরুল বলেন, ‘আমরা সহায়ক সরকার বলতে সম্পূর্ণ দল নিরপেক্ষ সরকার বুঝিয়েছি, যারা নির্বাচনের সময় কাজ করবে। এক্ষেত্রে ওবায়দুল কাদের যে ব্যাখ্যা দিয়েছেন, তা ঠিক নয়।’


