English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:০৭

সরকারকে বিব্রত করতে নিয়মিত মিথ্যাচার করছে বিএনপি

অনলাইন ডেস্ক
সরকারকে বিব্রত করতে নিয়মিত মিথ্যাচার করছে বিএনপি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল তাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে।  পরবর্তীতে দেখা গেছে তারা জঙ্গি খাতায় নাম লিখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল।  সুতরাং কে গুম হয়েছে, কে জঙ্গি খাতায় নাম লিখিয়েছে নাকি তারা স্বেচ্ছায় আত্মগোপন করেছে তা পুনঃতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। ’

তিনি বলেন, ‘অতীতে অনেকেই নিখোঁজ হওয়ার দুই-তিন মাস পর ফিরে এসেছে আবার অনেকে জঙ্গি সংগঠনের সাথে নাম লিখিয়েছে।  তাই বিএনপির অভিযোগ ভিত্তিহীন ও সরকারকে বিব্রত করার জন্য তাদের নিয়মিত মিথ্যাচারের একটি অংশ। ’ 

বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে ক্যান্সার ও অসহায় দুস্থদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণের আগে ‘রাষ্ট্র ক্ষমতা দখলকারীরাই কল্যাণপার্টির মহাসচিবকে গুম করেছে’ খালেদা জিয়ার এমন বিবৃতির প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

‘বিএনপির সহস্রাধিক নেতা-কর্মীকে গুম ও খুন করা হয়েছে’ মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগে হানিফ বলেন, ‘জিয়াউর রহমানের অবৈধ হাতে তৈরি করা দলের নেতাদের অন্য কাউকে রাষ্ট্র ক্ষমতা দখলের অভিযোগ দেয়ার যৌক্তিকতা নেই।  এটা তাদের মুখে মানায় না।  নিজেরা অবৈধ দখলদার বলেই আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের এ ধরনের মন্তব্য আসছে।’

‘ঈদের পরে বিএনপির আন্দোলনে নামার হুমকি প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপির আন্দোলন বাংলাদেশের জনগণ দেখেছে। পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের সমর্থন পাওয়া যায় না তা বিএনপি বহুবার প্রমাণ করেছে।  ভবিষ্যতেও যদি তারা সন্ত্রাসী নাশকতা কর্মকাণ্ডে জড়ালে অতীতের মতো জনগণ প্রতিহত করবে। ’

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।