English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:৪১

সরকার রোহিঙ্গাদের সাথে মানবতাবিরোধী আচরণ করছে

অনলাইন ডেস্ক
সরকার রোহিঙ্গাদের সাথে মানবতাবিরোধী আচরণ করছে

সরকার রোহিঙ্গাদের সাথে মানবতাবিরোধী আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মিয়ানমারে অব্যাহত রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন-নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদ এবং মিয়ানমারের নেত্রী অং সান সূচির নোবেল পুরস্কার বাতিলের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয় মানবাধিকার আন্দোলন এ কর্মসূচির আয়োজন করে।

রোহিঙ্গা ইস্যুতে বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, রোহিঙ্গাদের সাথে বর্তমান সরকার যে ধরনের আচরণ করছে সেটা দুর্ভাগ্য জনক, মানবতার পরিপন্থি। রোহিঙ্গাদের জন্য দেশবাসী প্রস্তুত রয়েছে।’ অবিলম্বে তাদের আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘রোহিঙ্গাদের সাথে সরকার যে ধরনের আচরণ করছে সেটা কোনভাবেই ঠিক না। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের আশ্রয় দিতে পারলে আমরা কেন পারবো না? রোহিঙ্গা ইস্যুতে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, চীনের সাথে সরকারকে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে। আমাদের দেশ সকল গণতান্ত্রিক যুদ্ধে জয় লাভ করছে। সেই দেশের সরকার রোহিঙ্গাদের সাথে মানবতার পরিপন্থী আচরণ করছে। তারাও মানুষ, মুসলমান। রোহিঙ্গাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। এটা মানবতার অংশ, তাদের খাবার দিবে দেশের মানুষ। সরকারের অনতিবিলম্বে উদ্যোগ নেয়া উচিত।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার যে পরিমাণ টাকা ব্যাংক থেকে দুর্নীতি ও লুটপাট করেছে সেগুলো ফিরিয়ে আনলে নির্যাতিত রোহিঙ্গাদের থাকা খাওয়ার কোন সমস্যা হবে না।’ বিএনপির সাথে ক্ষমতাসীনদের সমঝোতায় আসতেই হবে এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি। আমরা সমঝোতার কথা বলছি- সরকার যদি এটাকে দুর্বলতা মনে করে থাকে তাহলে তাদেরকে এমন আন্দোলনের মুখোমুখি হতে হবে যখন তারা পালাবার পথ পাবে না। তাই সরকারকে বলবো আম-ছালা দুটোই যাবার আগে আলোচনায় বসুন।’

সরকারকে হুঁশিয়ারি দিয়ে সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘আন্দোলন এখনও আপনারা দেখেন নাই। বাঙালি জাতি সব সময় ঘুমিয়ে থাকবে না। তারা একবার জাগ্রত হলে এই ভোটারবিহীন আওয়ামী লীগ ১৪ দলীয় জোট কোনভাবেই আর রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না।’

এ সময় আরো উপস্থিত ছিলেন, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, বিডিসি সভাপতি এমএ হালিম, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, ওলামা দলের নেতা শাহ মো মাসুম বিল্লাহ প্রমুখ।