English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৭ ০৬:০৮

‘সরকার বন্যা নিয়ে রাজনীতি করছে’

অনলাইন ডেস্ক
‘সরকার বন্যা নিয়ে রাজনীতি করছে’

সরকার বন্যা নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলটির জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান। রবিবার (২৭ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, সারাদেশে ভয়াবহ বন্যায় বন্যা কবলিত মানুষ এক অবর্ণনীয় দুর্বিষহ অবস্থার মধ্যে দিনাতিপাত করছে। দেশের উত্তরাঞ্চলসহ ২৭টি জেলা বন্যায় ভাসছে, সীমাহীন কষ্টে নিপতিত বানভাসীরা। অথচ এই মহাদুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকারের কোন মাথা ব্যথা নেই, তাদের একটিই মাথা ব্যথা-সেটি হলো কিভাবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তথা জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করে, কুৎসা রটিয়ে, সর্বোপরি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট, বুয়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতার ও কারান্তরীণ করে বিএনপিকে ধ্বংস করা যায়।

তিনি আরও বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘোষণার পর বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী নেতারা প্রধান বিচারপতি ও বিচার বিভাগকে নিয়ে যেভাবে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন-তাতে সরকার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছে বলেই মনে হয়। আর এসব কারণেই জনগণের দুঃখ দূর্দশা নিয়ে ভাববার সময় তাদের নেই বলেও মন্তব্য করেন তিনি।