English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৭ ১৭:৩৪

‘দেশে যথেষ্ট পরিমাণে খাদ্য রয়েছে’

অনলাইন ডেস্ক
‘দেশে যথেষ্ট পরিমাণে খাদ্য রয়েছে’

ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, দেশে যথেষ্ট পরিমাণে খাদ্য রয়েছে। বন্যা কবলিত মানুষের মাঝে প্রয়োজন অনুযায়ী ত্রাণ বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করে যাচ্ছেন। বুধবার (২৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বন্যা কবলিত এলাকা গুলোতে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ধনী ব্যক্তিদের ত্রাণ কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, বন্যার পরেও ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। মানিকগঞ্জের বেশ কয়েকটি উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকায় ইতোমধ্যে ৬শ’ মেট্রিক টন চাল ও ২০ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। বন্যা কবলিত এসব মানুষের মাঝে আরও ৩শ’ টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্ধ দেওয়ার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন প্রমুখ।