English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:০৩

‘খালেদা জিয়ার বিচার হবে প্রচলিত আইনে’

নিজস্ব প্রতিবেদক
‘খালেদা জিয়ার বিচার হবে প্রচলিত আইনে’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনের ঊর্ধ্বে নয়। প্রচলিত আইনেই তার বিচার করা হবে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি  অংশ গ্রহণ করবে না- দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনের ঊর্ধ্বে নয়। আইন সকলের জন্য সমান। যে যতটুকু অপরাধ করবে, সে ততটুকু শাস্তি পাবে। প্রচলিত আইনেই খালেদা জিয়ার বিচার হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর দেশপ্রেমের জন্যই দেশ আজ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। পদ্মা সেতু নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করে এ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাদের কথামতো বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নির্মাণের অর্থ সহযোগিতা বন্ধ করে দেয়। আজ সেই ষড়যন্ত্রকারীদের অপপ্রচার মিথ্যা প্রমাণিত হয়েছে।