English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৫১

খালেদার সময় আবেদন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
খালেদার সময় আবেদন মঞ্জুর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত। অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিত হতে না পারায় খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত সময় আবেদন মঞ্জুর করে ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।

এরআগে ২ ফেব্রুয়ারি ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার খালেদা জিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ ও ৩২ জন সাক্ষীর জবানবন্দি পড়ে শুনান। এ সময় বিচারক তাঁকে (খালেদা) প্রশ্ন করেন, ‘আপনি দোষী না নির্দোষ।’ 

তখন খালেদা জিয়া বলেন, ‘আমার আইনজীবীরা আপনার প্রতি অনাস্থা দিয়েছেন। আমিও আনুষ্ঠানিকভাবে আপনার প্রতি অনাস্থা দিলাম।’ 

পরে বিচারকের প্রতি অনাস্থা এনে হাইকোর্টে আদালত পরিবর্তনের জন্য আবেদন করেছেন তিনি। এটি হাইকোর্টে শুনানির জন্য আছে। 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। 

২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদ। 

২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। 

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।