English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৪৪

‘টিআইবিকে ক্ষমা চাইতে হবে’

নিজস্ব প্রতিবেদক
‘টিআইবিকে ক্ষমা চাইতে হবে’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘কানাডার আদালতের রায়ের পর টিআইবি এখন সুর পাল্টিয়েছে। এক সময় সংস্থাটি ষড়যন্ত্রকারীদের সঙ্গে সুর মিলিয়ে বিবৃতি দিয়েছিল। এর জন্য টিআইবিকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে ষড়যন্ত্রকারীদেরও ক্ষমা চাইতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা জনগণের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানাই, পদ্মা সেতুর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, সেই সব চিহ্নিত ষড়যন্ত্রকারীকে আইনের আওতায় এনে বিচার করা হোক।’

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচারের দাব ‘ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, ‘বিশ্বব্যাংকের কিছু কর্মকর্তা ও এদেশের কিছু ষড়যন্ত্রকারী সরকারে বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ করেছিল। এমনকি বিশ্বব্যাংক কানাডার আদালতে মামলা দিয়েছিল। কিন্তু কানাডার আদালতে দুর্নীতি প্রমাণ হয়নি। কানাডার আদালতের রায়ে অভিযোগকে মনগড়া, বানোয়াট, গুজব ও অনুমাননির্ভর বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে আমরা পদ্মা সেতু নিয়ে যা বলেছি তা প্রমাণ হয়েছে। এ রায় বিশ্বব্যাংকের গালে চপেটাঘাত দিয়েছে।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘পদ্মা সেতু নিয়ে যারা ষড়যন্ত্র করেছেন তারা পদ্মা সেতুর উপর দিয়ে চড়বেন না। যেতে হলে নিচ দিয়ে যাবেন। বিএনপি-জামায়ত ও কিছু বুদ্ধিজীবী মার্কা ষড়যন্ত্রকারী এ মিথ্যা অভিযোগ করেছিল। আর নোবেল বিজয়ী ড. মুহাম্মাদ ইউনূস এ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এটা আমাদের কথা নয়, তৎকালীন মার্কিন পরারাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ইউনূস সাহেবের ই-মেল চালাচালি প্রকাশিত হওয়ার মাধ্যমে তা প্রমাণ হয়েছে।’