নির্বাচন কমিশন এবং সরকার `ঝাঁকের কৈ'
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন এবং সরকারকে `ঝাঁকের কৈ' অর্থাৎ একই গোত্রের বলে মন্তব্য করেছেন।
রিজভী বলেন বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য একটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাদের কাছে গণতন্ত্রের কোনো স্থান নেই। তারা নিজেরা জোর করে ক্ষমতায় থাকার জন্যই একের পর এক পদক্ষেপ নিচ্ছে এবং নাটক করছে। এই সরকারের নীতি হচ্ছে এক ব্যক্তির দানবীয় ইচ্ছাকে প্রাধান্য দেয়া।
রাজনৈতিক অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হওয়ার আগেই নতুন সিইসি কে এম নূরুল হুদাকে পদত্যাগের আহ্বান জানান বিএনপির এই নেতা।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নবগঠিত নির্বাচন কমিশন ও নিরপেক্ষ নির্বাচনের ভবিষ্যৎ’ এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, এই সরকারের আমলে কাজী রকিব উদ্দিন যে নির্বাচন করেছেন তা অত্যন্ত কলঙ্কজনক। তার মতোই নতুন নির্বাচন কমিশন নির্বাচন করবে এটাই মানুষের মাঝে সন্দেহ এবং আলোচনা।
তিনি বলেন, আমরা এতদিন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান দেখিয়েছি। কারণ আমরা মনে করি রাষ্ট্রের সর্বোচ্চ পদে কেউ থাকলে তার মাছে ন্যায় বিচার ও সততার উদ্রেক হয়। কিন্তু রাষ্ট্রপতি একজন বিতর্কিত এবং জনতার মঞ্চের লোককে প্রধান নির্বাচন কশিনার নিয়োগ দিয়ে আরো একটি কালিমা লিপ্ত অধ্যায় রচনা করার সুযোগ তৈরি করে দিলেন।
রিজভী বলেন, একজন ব্যক্তি যিনি জনতার মঞ্চের লোক, যিনি কুমিল্লায় ডিসি থাকাকালে বেগম খালেদা জিয়ার ছবি নামিয়েছেন সেই লোক একজন রাজনৈতিক কর্মীর মতোই আচরণ করছেন। তার ভাই একটি ইউনিয়নের শাসকদলের সভাপতি। তিনি সিইসি হওয়ার পর তাকে সেখানে দলীয় লোকেরা মিষ্টি খাইয়েছে। এতে প্রমাণিত হয় যে নতুন সিইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন হবেনা।


