English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৫৯

সুরঞ্জিতের মৃত্যুতে খালেদা জিয়ার গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
সুরঞ্জিতের মৃত্যুতে খালেদা জিয়ার গভীর শোক

ঢাকা : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।

রোববার (৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের একজন সংগঠক হিসেবে রাজনৈতিক জীবনে দেশমাতৃকার মুক্তির জন্য সুরঞ্জিত সেনগুপ্ত যে অবদান রেখেছেন তা জাতি কোনদিন ভুলবে না। তিনি একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশ ও দেশের মানুষের অধিকারের পক্ষে সবসময় সোচ্চার থেকেছেন।’

তিনি বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন জাতীয় রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে গণমানুষের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রেখে বহুমাত্রিক গণতান্ত্রিক রাজনীতি ও সামাজিক অগ্রগতির পক্ষে ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। দেশের স্বাধিকারের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে তার অবদান ছিল উল্লেখযোগ্য। আমাদের রাষ্ট্রীয় সংবিধান প্রণয়নে একজন অন্যতম রচয়িতা হিসেবে তার ভূমিকা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে।’

সুরঞ্জিত সেনগুপ্ত এর আত্মার শান্তি কামনা করে খালেদা জিয়া শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।