English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০৬:২১

সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন

আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার  ভোর রাত ৪টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের চিফ অপারেটিং অফিসার আল ইমরান জানান।

তিনি রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছিলেন।

শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার রাত ৮টার দিকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। পরে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

‘গতকাল (শুক্রবার) ফুসফুসের সমস্যার জন্য রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে শনিবার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউতে নেয়া হয়।’

এর আগে, গত মে মাসে শ্বাসকষ্ট নিয়ে এই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মাঝখানে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালেও চিকিৎসা নেন তিনি।

১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম। ষাটের দশকে বামপন্থি আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সুরঞ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি করার পর আইন পেশায় যুক্ত হন।