‘পোশাকধারী এখন সরকার চালাচ্ছে’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন তো সরকার আওয়ামী লীগ চালায় না। সরকার তো চালাচ্ছে পোশাকধারী লোকেরা, তারা আজকে সবকিছু নিয়ন্ত্রণ করছে। ফলে রাজনৈতিক কোনো চিন্তাভাবনা আসছে না।’
রাজধানীর শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সহায়ক সরকারের দাবিতে সমাবেশের আয়োজন করে জাগপা ঢাকা মহানগর। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের যেভাবে হয়রানি, অপমান, নির্যাতন করা হয়েছে আর কোনো সরকারের আমলে তা করা হয়নি অভিযোগ করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগ গ্রামের মোড়লদের মতো আচরণ করছে। দলটি রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে যে তারা রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে, প্রতিপক্ষকে ঘায়েল করতে অন্যায় ও মিথ্যা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’
সার্চ কমিটি গঠনে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে ডাকা উচিৎ ছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 'তাদের না ডেকে আপনি (রাষ্ট্রপতি) গণতন্ত্রকে অবজ্ঞা করেছেন, রাষ্ট্রপতি হিসেবে আপনার কাছে এটা আমরা কোনো দিন আশা করিনি। কারণ আপনি শপথ নিয়েছেন, সম্পূর্ণভাবে কোনো রাগ-অনুরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, আপনি নিরপেক্ষ হয়ে কাজ করবেন। আপনি এখন কোনো রাজনৈতিক দলের নেতা নন, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রপতি। আমরা আশা করবো, পরবর্তী সময়ে আপনি এ বিষয়টিকে বিবেচনায় নেবেন এবং নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে সময় থাকলে আলোচনার আহ্বান জানাবেন। আমরা আমাবাদী রাষ্ট্রপতি একটি শক্তিশালী নির্বাচন কমিশন দিয়ে জাতিকে বর্তমান রাজনৈতিক সঙ্কট থেকে মুক্ত করবেন।
জাগপা ঢাকা মহানগরের সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফিরোজ প্রমুখ।


