English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ১৩:৪৭

সার্চ কমিটিতে নাম জমা দিল আ.লীগ

নিজস্ব প্রতিবেদক
সার্চ কমিটিতে নাম জমা দিল আ.লীগ
আওয়ামী লীগের দলীয় পতাকা

নির্বাচন কমিশন (ইসি) গঠনে করা সার্চ  কমিটির কাছে পাঁচজন ব্যক্তির নাম জমা দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে নাম জমা দেন দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

এবিষয়টি জানিয়ে আবদুস সোবহান গোলাপ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচজনের নাম লিখিত একটি চিঠি সার্চ কমিটি বরাবর জমা দেওয়া হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত একটি চিঠি নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন আবদুস সোবহান। ওই চিঠিতে মনোনীত পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

গতকাল সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় সার্চ কমিটিতে নাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত সবার কাছ থেকে নাম আহ্বান করেন দলের সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে পাঁচজনের নাম বাছাই করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠি সার্চ কমিটি বরাবর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।