English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৭ ২১:৩০

বিএনপির শরিকরাও সার্চ কমিটিকে নাম দেবে

নিজস্ব প্রতিবেদক
বিএনপির শরিকরাও সার্চ কমিটিকে নাম দেবে

নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির কাছে আলাদা আলাদাভাবে নাম জমা দেবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রাষ্ট্রপতির সঙ্গে আলচোনায় অংশ নেওয়া বিএনপি জোটের ৭টি দল কিছু নাম অভিন্ন রেখে আলাদা করে নাম জমা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জোট।

সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৈঠক সূত্র জানায়, রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়া জোটের নিবন্ধিত ৭টি দলের শীর্ষ নেতারা বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে আজ রাতে বৈঠক করে প্রস্তাবিত নামগুলো জমা দেবেন। এ জন্য খালেদা জিয়ার কাছে পাঁচজনের অধিক নাম দিতে বলা হয়েছে, যেন সার্চ কমিটির কাছে জমা দেওয়া তালিকায় কমন নামগুলো থাকে। 

২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জামায়াতের কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভুইয়া,  জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, জমিয়তের যুগ্ম মহাসচিব মহিউদ্দিন ইকরাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, ডেমোক্রেটিক লীগের যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, বিজেপির ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ প্রমুখ।