English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৭ ১৬:১০

‘বিএনপির মরা গাঙে আর জোয়ার উঠবে না’

নিজস্ব প্রতিবেদক
‘বিএনপির মরা গাঙে আর জোয়ার উঠবে না’

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন শুকিয়ে মরা গাঙে পরিণত হয়েছে। সেই মরা গাঙে এখন জোয়ার আশার সম্ভাবনা  নেই। গত আট বছরে বিএনপি কোনোভাবেই আন্দোলন জমাতে পারেনি।

শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজনে পথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া কখনও বলেন- ঈদের পর আন্দোলন, কখনও বলছেন- রোজার পর আন্দোলন, আবার কখনও বলছেন- পরীক্ষার পর আন্দোলন। কিন্তু সে আন্দোলন আর কখন জমবে। আন্দোলনও হবে না, দলও আর চাঙা হবে না।’

বিএনপি এখন নালিশ পাটিতে পরিণত হয়েছে উল্লেখ্য করে ওবায়দুল কাদের বলেন, ঘরে বসে খালেদা জিয়ার যত নালিশ আর নালিশ। কখনও সার্চ কমিটি নিয়ে নালিশ, কখনও নির্বাচন কমিশন নিয়ে, কখনও সরকারের কর্মকাণ্ড নিয়ে। শুধুই নালিশ আর নালিশ।’

সরকার দলীয় নেতাকর্মীদের সতর্ক করে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এখন নেতা তৈরির কারখানায় পরিণত হয়েছে। কর্মীর চেয়ে এখন নেতাই বেশি। কিন্তু মনে রাখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা ও শ্রদ্ধাবোধ সাধারণ মানুষের হৃদয়ে লেখা রয়েছে। যেটা কখনও মুছে দেয়া যাবে না। নিজেদের আচরণ দ্বারা সে ভালোবাসা কখনও মুছে ফেলবেন না। মানুষকে ভালো বাসবেন। তাহলে তারা চিরদিন আমাদেরও মূল্যায়ন করবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় স্থানীয় সাংসদ প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।