English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৭ ১৩:০৩

খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন
খালেদা জিয়া-ফাইল ছবি

ঢাকা: বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

আজ বুধবার (২৫ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে তিনি ওই আবেদন করেন। আদালত এবিষয়ে শুনানি শুনানি শেষে পরবর্তী নির্দেশ দিবেন।

মামলার আরজি থেকে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চান নাই। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল।

ওই বক্তবে বিএনপির চেয়ারপারসন আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে চলছে দুর্নীতি ও লুটপাট। জঙ্গি বানিয়ে নিরীহ লোকজনকে হত্যা করছে, ধর্মলঘুদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করে লুটপাট ও হত্যা করছে। যেমন পুলিশ বাহিনী দিয়ে বিরোধীদলসহ ভালো ভালো লোককে গ্রেপ্তার করে গুম করছে এবং হত্যা করছে।

খালেদা জিয়ার ওই বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের মানহানি হয়েছে বলে আদালতে এ মামলার আবেদন করা হয়।